অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য, অভিনেত্রী ও সাবেক ছাত্রনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের আগে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তাকে কান্নাকাটি করতে দেখা যায়।
ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি।
একটি ভিডিওতে জ্যোতিকা জ্যোতি নিজেই দাবি করেছিলেন, শিক্ষাজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সাল থেকে তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন।
এদিকে, ২০১৮ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাকে অফিসকক্ষে আটকে রাখা হয়েছে।
পরে ফেসবুক লাইভে এসে ওই ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে জ্যোতি জানান, তৎকালীন পরিস্থিতির কারণে তাকে অফিসে যেতে নিরুৎসাহিত করা হয়েছিল। তবে চাকরির দায়িত্ববোধ থেকে তিনি অফিসে যান। সেখানে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখতে পান। পরে মহাপরিচালকের সঙ্গে কথা বললে পরিস্থিতি বিবেচনায় তাকে অফিস ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

