মো. বেলায়েত হোসেন : বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী মানুষের জীবন- জীবিকা, সভ্যতা এবং সংস্কৃতি তথা যাপিত জীবনের সাথে ওতপ্রোতভাবে সর্বদা বহমান; সুখ-দুঃখের অবিচ্ছেদ্য সাথী। বর্ষা এলেই এসব নদী, খাল, জলাধার পানিতে টইটম্বুর হয়ে যায়। হয়ে ওঠে আগ্রাসী। বিশেষ করে জৈষ্ঠ্য থেকে আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি থাকায় চারদিক পানিতে থৈ থৈ করে। অঞ্চলভেদে জীবন জীবিকায় বৈচিত্র্য দেখা দেয়। চারপাশের এই জলমগ্ন দৃশ্য শিশুদের কোমল মনে দারুণ আনন্দ আর কৌতূহলের জন্ম দেয়। কিন্তু সচেতনতা ও সাঁতারের প্রশিক্ষণের অভাবে শিশুদের সেই নিষ্পাপ আনন্দই অনেক সময় রূপ নেয় ভয়াবহ মরণফাঁদে। জলধারার এই চিরচেনা রূপের আড়ালে লুকিয়ে থাকা অসতর্কতায় প্রতি বছর অসংখ্য তাজা প্রাণ অকালেই ঝরে যায় পানিতে ডুবে।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাটা এলাকা। পাশ দিয়ে বয়ে গেছে পানছড়ি থেকে আসা চেঙ্গী নদীটি। স্বপ্না বেগম তার স্বামী ও দু’সন্তানসহ আত্মীয়তার সূত্রে জীবিকার প্রয়োজনে কয়েক মাস পূর্বে কুড়িগ্রাম থেকে এখানে আসে। স্বামী শ্রমিকের কাজ করে। স্বপ্নাও আশেপাশে যখন যে কাজ পায়, তাই করে জীবিকা নির্বাহ করে। এপ্রিলের প্রথম দিকে একদিন দুপুর বেলায় কয়েকজন নারীসহ নদীতে গোসল করতে যায়। আট বছর বয়সি বড়ো ছেলেও সাথে যায়। গোসলের মাঝে কিছুক্ষণ পরে হঠাৎ ছেলের কথা মনে পড়ে। এদিক- ওদিক ছেলেকে না পেয়ে চিৎকারে আশেপাশের লোকজন এসে ভীড় জমায়। খোঁজাখুঁজি করে নদীতে কিছুদূরে ছেলেকে পায়। জীবিত নয় মৃত। অবিশ্বাস্য সত্যের মুখোমুখি স্বপ্না এবং পৃথিবী। স্বাক্ষী বিমর্ষ আকাশ আর পাতাল। সে এলাকায় জেলা তথ্য অফিসের আয়োজনে সচেতনতামূলক কমিউনিটি সভার বক্তব্যে পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি আসলে ছেলে হারা পাগলপ্রায় স্বপ্না আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে কথাগুলো শুনছে। আর কাঁদছে শুকনো চোখে। জিজ্ঞেস করে জানা যায় কীভাবে স্বপ্নার লালিত স্বপ্ন চেঙ্গী নদীর স্রোতে হারিয়ে গেলো। উপস্থিত সকলে স্বপ্নার দুঃখ দুর্দশার কথা বর্ণনা করে। অজান্তেই মনটা ভারী হয়ে যায়। বোধ হারা স্বপ্নাকে সান্ত্বনা দেওয়ার ভাষার জন্য শব্দের বড়োই অভাব মনে হলো সে মুহূর্তে আমার ভাণ্ডারে। এ মৃত্যুর ঘটনা কোনো মিডিয়ার চোখে পড়েনি। অভাবেই প্রতিবছর অসচেতন গরিব পরিবারের শত শত শিশু মা-বাবার কোল খালি করে পরাপরে চলে যায়। সব খবর খবরের কাগজে স্থান পায়না কিংবা অন্তরালে থেকে যায়।
এটি শুধু পরিচিত একটি ঘটনা। আবার তা হচ্ছে পার্বত্য অঞ্চলে। মিডিয়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা শুনে অনেকেরে কাছে কাল্পনিক বা অবাস্তব মনে হতে পারে। কিস্তু বাস্তবতা হচ্ছে পাহাড়ের বাঁকে বাঁকে বয়ে চলা এসব জল অববাহিকায় প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে; যার অধিকাংশই মিডিয়ায় না আসায় গণনার বাহিরে থেকে যায়। এ অঞ্চলে হাতে গোনা অল্প কয়েকটি খাল- নদী রয়েছে। এরমধ্যে অন্যতম- চেঙ্গী, মাইনী, হালদা, মাতামুহুরী, সাঙ্গু, কাচালং, কর্ণফুলী ও ফেনী নদী। কাপ্তাই লেক আদতে নদী না হলেও কর্ণফুলী নদীর ওপর কৃত্রিমভাবে বাঁধ দিয়ে তৈরি করা হ্রদ বিশেষ। এছাড়াও রয়েছে ঝিরি এবং ছোটো ছোটো খাল। এসব প্রাকৃতিক জল অববাহিকায় প্রতিনিয়তই ঘটে পানিতে ডুবে শিশু মৃত্যুর মতো দুর্ঘটনা।
সমতলে পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি প্রায় নিয়মিত খবর। জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ শীর্ষক গ্রন্থে বাংলাদেশের মোট নদ- নদীর সংখ্য ১০০৮টির কথা উল্লেখ আছে। তবে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান মতে, বর্তমানে এ সংখ্যা ১৪১৫টি। সংখ্যা নিয়ে ভিন্নতা থাকলেও এটি প্রতিষ্ঠিত যে, ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের বাংলাদেশে হাজারেরও বেশি নদী রয়েছে। আর জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য খাল। কৃষি প্রধান দেশ হওয়ায় সেচ এবং পানি সরবারহ ও সংরক্ষণের জন্য স্থানীয় ও জাতীয় উদ্যোগে এসব খার খনন করা হয়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের উপকূলীয় জেলা ১৯টি হলেও প্রায় প্রতিটি জেলা দিয়ে এক বা একাধিক খাল- নদী বয়ে গেছে। উপকূলীয় জেলাগুলোর বাসিন্দাদের বছরের অর্ধেক সময় পানি, বৈরী আবহাওয়া ও পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়।
উপকূলীয় অঞ্চলের অনেকগুলো জেলা- যেমন ভোলা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, খুলনা, চাঁদপুর, বরিশালের সাথে রাজধানী ঢাকার প্রধান যোগাযোগ মাধ্যম নৌযান। এছাড়া অনেক জেলার অভ্যন্তরীণ ও আন্তঃযোগাযোগ নৌপথে হয়ে থাকে। বর্ষা এলেই অতিরিক্ত যাত্রী বহনকারী লঞ্চ, টলার নদীতে ডুবে মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। অনেক সময় ফিটনেসবিহীন লঞ্চের কারণে এসব দুর্ঘটনা ঘটে। আবার কখনো আবহাওয়া পূর্বাভাস অমান্য করে যাতায়াতের কারণেও হয়। যাত্রীদের সবার যদি সাঁতার জানা থাকতো তাহলে এধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো যেতো। বর্তমানে উপকূলীয় অনেক জেলায় সড়ক যোগাযোগ চালু হলেও নৌ-যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার সূত্রমতে, প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৩ লক্ষ মানুষ পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে প্রায় ৯২ ভাগ নিম্ন এবং মধ্যম আয়ের দেশের মানুষ। যেসব কারণে শিশু মৃত্যু ঘটে, তাদের মধ্যে পানিতে ডুবে ১ থেকে ৪ বছর বয়সি শিশু মৃত্যু চতুর্থ অবস্থানে এবং ৫ থেকে ১৪ বছর বয়সি শিশুদের ক্ষেত্রে এ অবস্থান তৃতীয়। গবেষণায় দেখা যায়, পানিতে ডুবে মৃত্যু শিশুদের মধ্যে সঙ্গত কারণে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা প্রায় দ্বিগুণ। যেহেতু, ছেলেরা মেয়েদের চেয়ে তুলনামূলকভাবে বেশি বাড়ির বাহিরে যায় এবং একা সাঁতার কাটতে চায় তাই দুর্ঘটনা তথা মৃত্যুর হারও বেশি। তবে আনুপাতিক হারে ছেলেদের তুলনায় মেয়েদের হাসপাতালে ভর্তির হার কম। নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়ায় বাংলাদেশ এ পরিসংখ্যান চরমভাবে বহন করে চলছে। বাংলাদেশে প্রতিবছর ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় পানিতে ডুবে। এসংখ্যা প্রতিদিন গড়ে ৫০ জন এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এর অধিকাংশই শিশু।
সেভ দ্য চিলড্রেন এবং নরওয়েজিয়ান মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট এর মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সমুদ্র তলদেশের উচ্চতা বৃদ্ধি এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশ হিসেবে একুশ শতকের শেষ অবধি বাংলাদেশের প্রায় ১৮ শতাংশ উপকূলীয় অঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে যাবে। ফলে এখনই যদি কার্যকরী পদক্ষেপ গ্রহন করা না হয়, তবে বর্তমান মৃত্যুর হার সময়ের তালে তালে অসম হারে বৃদ্ধি পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা মতে, বর্তমানে মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি- প্রায় ৫৭ শতাংশের বয়স হচ্ছে ০-২৯ বছর। বর্তমানে বিকেএসপি এবং ইন্টিগ্রেটেড কমিউনিটি বেসড চাইল্ডকেয়ার প্রকল্পের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সাঁতার শেখানো কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। অন্যদিকে আঁচল বা দিবা যত্ম কেন্দ্রের মাধ্যমে কর্মজীবী কিংবা গৃহিণী মায়েদের ব্যস্ত সময়- সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৫ বছরের কম বয়সি শিশুদের রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ মৃত্যু রোধে ভূমিকা রাখছে। বিভিন্ন মাধ্যমে এধরনের পদক্ষেপের মাধ্যমে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি করা জরুরি।
বিশ্বের উন্নত দেশগুলোর সফল অভিজ্ঞতা পর্যালোচনা করলে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, পানিতে ডুবে অকালমৃত্যু রোধের সবচেয়ে কার্যকর ও টেকসই উপায় হলো শিক্ষাব্যবস্থায় সাঁতার শেখাকে বাধ্যতামূলক করা এবং তার ব্যবহারিক বাস্তবায়ন নিশ্চিত করা। উদাহরণস্বরূপ, পানিতে ডুবে মৃত্যুর সর্বনিম্ন হারের বৈশ্বিক তালিকায় ১৯তম অবস্থানে থাকা কানাডা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে সাঁতার শেখাকে বাধ্যতামূলক করেছে; পাশাপাশি কমিউনিটি পর্যায়েও নিয়মিত প্রশিক্ষণ চালু রেখেছে। একই তালিকায় ৩৫তম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রেও অঙ্গরাজ্যভেদে অনুরূপ সাঁতার কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তবে সবচেয়ে চমকপ্রদ ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তালিকার ৬ষ্ঠ সর্বনিম্ন অবস্থানে থাকা যুক্তরাজ্য—যেখানে প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার আগেই সাঁতার শেখা নিশ্চিত করা হয়।
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর সূচক ৩.২.১ এর অনুসারে ২০৩০ সালের মধ্যে অনুর্ধ্ব ৫ বছর বয়সি শিশুমৃত্যু হার প্রতি ১০০০ জনে কমপক্ষে ২৫ জনে নামিয়ে আনতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জন বাংলাদেশের জন্য একটি বড়ো চ্যালেঞ্জ। সর্বস্তরে জনসচেতনতা গড়ে তোলার জন্য সরকারি-বেসরকারি সহযোগিতায় সকলের অংশগ্রহণে কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদারা করা উচিত। আয়তনে ছোটো অথচ প্রায় ১৮ কোটির নদীমাতৃক এ-দেশে বিশেষজ্ঞদের মতে, পানিতে ডুবে অনাকাঙ্ক্ষিত এ- মৃত্যু রোধে শারীরিক শিক্ষা বইয়ে সাঁতার বিষয়ক তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে বাধ্যতামূলক প্রয়োগিক বা ব্যবহারিক শিক্ষা পাঠ্যক্রমে যুক্ত করার বিকল্প অন্য কিছু নেই।
#লেখক: তথ্য অফিসার জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি (কবি ও প্রাবন্ধিক)

