নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩৭ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : খামারিদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজশাহীর পবা উপজেলায় আধুনিক পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে অপারেশন থিয়েটারের পাশাপাশি থাকবে অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার জন্য বিশেষ কক্ষ। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ পশু চিকিৎসা শেড স্থাপন, পশু বীমা চালু এবং খামারিদের সহজ শর্তে ঋণপ্রাপ্তির জটিলতা নিরসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। কৃষি খাতে এ খাতের অবদান প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। বর্তমানে প্রায় ৯৪ হাজার কোটি টাকার প্রাণিসম্পদ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে হবে। ২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খামারিদের উদ্দেশে তিনি বলেন, নিম্নমানের গো-খাদ্য ব্যবহার ও অনিয়মিত অ্যান্টিবায়োটিক প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে পশুর নিয়মিত টিকাদান, মানসম্মত খাদ্য সরবরাহ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এতে পশুর রোগবালাই কমার পাশাপাশি উৎপাদন ও খামারিদের আয় বাড়বে।

খামারিদের সমস্যা সমাধানে নেওয়া উদ্যোগের বিষয়ে ইউএনও বলেন, পবায় আধুনিক সুবিধাসম্পন্ন পশু হাসপাতালে অপারেশন থিয়েটার ও অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যা কক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ চিকিৎসা শেড স্থাপন করা হবে। ব্যাংকঋণ পেতে খামারিদের নানা জটিলতা দূর করতে খামারি ও ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে। প্রান্তিক খামারিদের আর্থিক ঝুঁকি কমাতে পশু বীমা চালুর প্রস্তাব সরকারের কাছে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, প্রান্তিক ও নারী উদ্যোক্তাদের সহায়তায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, নগদ অর্থ এবং সহজ শর্তে ঋণের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা উপকৃত হবেন।

স্বাগত বক্তব্যে পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল লতিফ প্রাণিসম্পদ খাতকে ‘জীবন্ত ব্যাংক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার অন্যতম অবলম্বন এ খাত। গার্মেন্টস শিল্পের চেয়েও বেশি নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের সঙ্গে সম্পৃক্ত। ফলে নারীর কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পবা উপজেলার প্রাণিসম্পদ উৎপাদনের চিত্র তুলে ধরে তিনি জানান, উপজেলায় বছরে দুধের চাহিদা ৫১ হাজার মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হচ্ছে ৫১ দশমিক ৩০ হাজার মেট্রিক টন। মাংসের বার্ষিক চাহিদা ২৩ হাজার মেট্রিক টনের বিপরীতে উৎপাদন ২৩ দশমিক ২ হাজার মেট্রিক টন। ডিমের বার্ষিক চাহিদা ৮ কোটি ৭ লাখ ৬০ হাজারের বিপরীতেও উৎপাদন হচ্ছে বেশি। ফলে দুধ, মাংস ও ডিম উৎপাদনে পবা উপজেলা উদ্বৃত্ত অবস্থানে রয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত উৎপাদন দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা পূরণেও ভূমিকা রাখছে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগানে পবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে। সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় উপজেলার ১০ জন সফল খামারিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহ, শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকবর আলী, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সোহরাব খান। খামারিদের পক্ষে বক্তব্য দেন শুভ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী দেওয়ান সাদেক আহমেদ মাস্টার। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শতাধিক খামারি ও নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।