স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে, বিশেষত পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যসমূহকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেন।
সোমবার (১৬ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে ইউএন ট্যুরিজমের মহাসচিব মিসেস শাইখা আল নুয়াইসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে একথা বলেন।
মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল, ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব পর্যটন আকর্ষণ বাংলাদেশের পর্যটন খাতে বিদেশী বিনিয়োগের জন্যও অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের হোস্ট হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন মহাসচিব।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনা অবলোকনের জন্য ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে মহাসচিব তাঁর আগ্রহ প্রকাশ করেন।#

