উমংনু মারমা (বান্দরবান) : হাত-পা ও মাথায় আঘাতের চিহ্ন, মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তদন্তে পুলিশ
বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকায় পাহাড়ি খাদে অবস্থিত একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৮ নভেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিহত শরীফ বান্দরবান পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ার বাসিন্দা মো. জহিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি সংগ্রহ করতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গভীর পাহাড়ি খাদ থেকে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। শরীরের বাঁ পাশেও ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, মরদেহ উদ্ধারের পর তাঁরা শরীফকে শনাক্ত করেন। তিনি রাতে ভাণ্ডারিপাড়া থেকে কীভাবে কসাইপাড়া এলাকায় পৌঁছালেন, তা নিয়ে রহস্য রয়েছে। প্রায় ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে নিচের ঝিরিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁকে জোর করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নও রয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, উদ্ধার করা মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার পাশাপাশি শরীরের বাঁ পাশে ক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে পাহাড় থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে তিনি নিজে পড়ে গেছেন, নাকি কেউ তাঁকে নিচে ফেলে দিয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
