নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

নভেম্বর ১৮, ২০২৬ ১২:১৭ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান জানিয়েছেন।

এদিকে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু হুমকি দিয়েছেন বলেও জানান প্রক্টর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় পাশেই অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল পড়ে থাকতে দেখা যায়।

প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেন, দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করব। তবে রাতের বেলায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা কঠিন।

ছাত্রলীগ নেতার হুমকির বিষয়ে প্রক্টর বলেন, রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ বাবু আমাকে ১৯ তারিখ ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম বলেন, বোম ডিস্পোজাল ইউনিটকে আমরা জানিয়েছি। তারা কাজ শুরু করে দিয়েছে। এছাড়াও পুলিশ এবং গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আমরা আইনের হাতে তুলে দিব। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা পুলিশ টহল বৃদ্ধির জন্য জানিয়েছি। মতিহার থানা এই দায়িত্ব নিয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।