স্টাফ রিপোর্টার : সরকারের বিভিন্ন উন্নয়ন ও নীতিগত পরিকল্পনাকে বাস্তবমুখী ও কার্যকর করতে প্রতিটি দপ্তরকে সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেছেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই সরকার টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে পারে। তাই তথ্য গোপন না করে প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় এ সভার আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, মাঠপর্যায় থেকে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছালে সরকারের নীতি নির্ধারণ ও কর্মসূচি গ্রহণ সহজ হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কোনো তথ্য গোপন না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে বস্তুনিষ্ঠ তথ্য পাঠাতে হবে।
অপরাধের প্রকৃত চিত্র তুলে ধরার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, অপরাধের ঘটনা গোপন না করে সঠিক তথ্য জানানো হলে কোন এলাকায় কী কারণে অপরাধ বেশি হচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা মূল কার্যালয় বুঝতে পারে। এতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা খাতের পরিকল্পনায় নির্ভুল পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরে কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার এলাকাভিত্তিক সঠিক চিত্র পাওয়া গেলে কার্যকর স্বাস্থ্য কর্মসূচি প্রণয়ন সহজ হবে। একইভাবে প্রাথমিক শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা খাতের সঠিক পরিসংখ্যানও জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা এবং এর পরিবর্তনের প্রবণতা বিশ্লেষণ করে শিক্ষা খাতে আরও উপযুক্ত ও সময়োপযোগী পরিকল্পনা নেওয়া সম্ভব।
সংশ্লিষ্ট বিষয়ের তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকেই সংগ্রহ করা উচিত উল্লেখ করে তিনি বলেন, ইউরিয়া সারের ব্যবহারসংক্রান্ত তথ্য পুলিশের কাছ থেকে নয়, কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে নেওয়া যৌক্তিক। কারণ, কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মরত জনবল রয়েছে, যারা এ বিষয়ে নির্ভুল তথ্য দিতে পারবেন।
বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সঠিক পরিসংখ্যান সরবরাহের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সবাইকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক ইমরান হোসেন প্রধান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম ও বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ২০ অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। তবে সরকারি ছুটির কারণে এবার রাজশাহীতে ৮ নভেম্বর দিবসটি উদযাপন করা হয়েছে।
