নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘অন্তরা দুষ্টু হলেও শুভকেই ভালোবাসে’

জুন ২, ২০২৫ ১০:৪৫ 👁️ ৩২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ফের পাশা, কাবিলা, শুভ, হাবু ভাইদের নিয়ে পর্দায় ফিরছেন পরিচালক কাজল আরিফিন অমি। দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব। পুরো এই ফ্র্যাঞ্চাইজিতে দর্শকদের অন্যতম আকর্ষণ ছিল শুভ আর অন্তরার প্রেমের গল্প। যদিও সেই সম্পর্কের ইতি টেনে যায় একসময়; আর তা নিয়ে দর্শকের মনেও জাগে নানা কৌতূহল, আগ্রহ; অন্তরাকে রীতিমতো ছলনাময়ী বলে আখ্যা দেন দর্শক। যদিও পর্দার অন্তরা জানালেন, অন্তরা দুষ্টু কিংবা ছলনাময়ী হলেও শুভকে সত্যিই ভালোবাসতো।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

গত রোববার বিকেলে গুলশানে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

আরও পড়ুনঃ  ঝুঁকিপূর্ণ কক্সবাজার মাঝির ঘাট ব্রিজ

এ সময় ফারিয়া শাহরিন বলেন, ‘আমি ব্যাচেলর পয়েন্টের জন্য দুই বছর কোনো কাজ করিনি। আমার সিজন থ্রি ও ফোর থেকে এন্ট্রি হয়। আমার ইচ্ছা ছিলো একটাই, কাজ যখন করব, একটাই ভালো কাজই করব।’

অন্তরা চরিত্রে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘অন্তরার চরিত্রটি করার জন্য প্রথম যখন নোয়াখালী যাই, পুরো টিম; তখনও রোকেয়াকে ব্যাচেলর পয়েন্টে দেখানো হয়নি। তাই আমার মনে আছে, আমি যখন বড় একটা বাংলোতে শুট করছিলাম, তখন আশেপাশে বিভিন্ন মানুষ দেখছিল আর চিৎকার করে রোকেয়া রোকেয়া বলছিল। সবাই ভেবেছিল, নোয়াখালীতে শুট হচ্ছে, রোকেয়াকেও দেখেনি, আমারও ঘোমটা টানানো ছিলো- তাই ভেবেছে আমিই রোকেয়া। আমি আসলে রোকেয়া না, রোকেয়ার ফ্রেন্ড অন্তরা।’

আরও পড়ুনঃ  রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

অন্তরা ছলচতুর কেন- এমন প্রশ্নে ফারিয়া বলেন, ‘খুব কম মেয়েই আছে ছলচাতুরি করে না। অন্তরা কিন্তু দুষ্টু হইলেও সে কিন্তু শুভকেই ভালোবাসে। আপনারা ওই পর্বটা দেখেছেন কি না জানিনা, অন্তরার সাথে শুভর হাতাহাতি হয়, মারামারি হয়। তখন অন্তরা নিজেই শুভকে বিয়ে করতে চায়। একটা মেয়ে যদি দুষ্টুই হতো, তাহলে সে তো আর বিয়ে করতে চাইতো না, ব্রেকাপের পর কষ্ট পাইতো না।’

এদিন ফারিয়া শাহরিন ছাড়াও উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমাসহ অনেকে।

উল্লেখ্য, শুভ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মিশু সাব্বির। এবারের সিজনেও থাকছেন তিনি তবে স্বশরীরে নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।