নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ছেলেদের এককে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের লিকুল

অক্টোবর ১০, ২০২৬ ১০:২০ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : একদিকে আগের দিনের দ্বৈত শিরোপা ধরে রাখার প্রত্যাশা, অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। দুই প্রতিপক্ষের এমন লক্ষ্যকে ঘিরে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের ছেলেদের এককের ফাইনালে জমে উঠেছিল লড়াই। প্রতিটি পয়েন্টের জন্য লড়াই, চাপের মুখে স্নায়ু ধরে রাখা আর নিখুঁত শটের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জয় হয়েছে থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুলের।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়

চাইনিজ তাইপেইয়ের জিচে চেনকে সরাসরি দুই সেটে হারিয়ে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে জিচে চেনকে ৬-৪, ৭-৫ গেমে হারান লিকুল। স্কোরলাইনেই স্পষ্ট, শিরোপার লড়াইয়ে দুই খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটেও লড়াইয়ের চাপ সামলে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন থাইল্যান্ডের এই উদীয়মান খেলোয়াড়।

টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তাঁরা শিরোপার লড়াইয়ে জায়গা করে নেন। ফলে ফাইনালেও হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। জয় মুখার্জী বলেন, ছেলেদের এককের ফাইনালটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। লিকুল পার্টচারাপুল পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছেন। ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে তিনি শিরোপা জিতেছেন। এ ধরনের প্রতিযোগিতায় ভালো র‍্যাঙ্কিংয়ের খেলোয়াড়দের অংশগ্রহণ এবং একাধিক কঠিন ম্যাচ পেরিয়ে ফাইনালে ওঠা টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা- দুই দিকই তুলে ধরে। এককের ফাইনালে পরাজিত হলেও দ্বৈতে শিরোপা জয়ের আনন্দ পেয়েছেন চাইনিজ তাইপেইয়ের জিচে চেন।

আরও পড়ুনঃ  ‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত ছেলেদের দ্বৈত ফাইনালে জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফলে এককে রানার্সআপ হলেও দ্বৈতে শিরোপা জিতে টুর্নামেন্ট শেষ করেছেন জিচে চেন। দ্বৈত ফাইনাল নিয়েও সন্তোষ প্রকাশ করেন টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী।

তিনি বলেন, দুই জুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। শেষ পর্যন্ত চাইনিজ তাইপেইয়ের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি নিজেদের এগিয়ে রেখে শিরোপা জিতে নেয়। এদিকে মেয়েদের একক ও দ্বৈত—দুই ইভেন্টেই শিরোপা গেছে চীনের ঘরে। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের জিমো সঙ। আর দ্বৈতে সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জিতেছেন। গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেন। আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ রাজশাহীতে জুনিয়র টেনিসের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু, টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর সদস্য সচিব প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল প্রমুখ।

আরও পড়ুনঃ  শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।