নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

নভেম্বর ১৫, ২০২৬ ২:০১ 👁️ ৩৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের স্টাফদের বিরুদ্ধে।

রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

নিহত দুজন হলেন—নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা মুকুল বসুনিয়া (২৮) এবং শাকিব বসুনিয়া (২২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা বা একই এলাকার বাসিন্দা।

বাসটিতে থাকা একই এলাকার প্রত্যক্ষদর্শী যাত্রী আতিক বসুনিয়া ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে বলেন, আমার কাছে নগদ টাকা ছিল। বাসের স্টাফরা অন্য সব যাত্রীকে নামিয়ে দিলেও আমাকে নামায়নি। একপর্যায়ে গাড়ির হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে এবং আমার গলায় গামছা প্যাঁচিয়ে ধরে। বিষয়টি দেখে মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত অবস্থা থেকেই তাদের দুজনকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাস ঘটনাটি দেখতে পেয়ে সামনে চিকলী এলাকায় গিয়ে বাসটির পথরোধ করে। এরপর স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করে। তা না হলে ওরা আমাকেও মেরে ফেলত।

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তার চাচা আতিকের কাছে নগদ তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে স্টাফরা তাঁর চাচাকে জিম্মি করে। এ সময় মুকুল ও শাকিব প্রতিবাদ করে তাঁকে বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।