নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে: ডিএমপি কমিশনার

জানুয়ারি ২১, ২০২৫ ১২:২২ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যেকোন উদ্ভূত সমস্যা তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

সোমবার (২০ জানুয়ারি ) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে মতবিনিময়কালে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ভুক্তভোগী বা পুলিশি সেবা প্রত্যাশী সকলের সাথে ভালো আচরণ করতে হবে। থানায় কর্মরত অধীনস্থ সকলকে নিয়ে নিয়মিত ব্রিফিং করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে মানুষের নিরাপত্তার যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করতে হবে। মানুষ যাতে ন্যায় বিচার পায় এজন্য সঠিক পথে চলতে হবে।

তিনি বলেন, মানুষের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। এজন্য ওসিদেরকে থানার প্রতিটি অলি গলিতে ঘুরতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া মামলাযোগ্য সকল ঘটনায় যথাসময়ে মামলা নিতে এবং জিডির বিষয়ে যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বল্পতম সময়ে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

থানা এলাকার নিরাপত্তা জোরদার করার বিষয়ে তিনি আরো বলেন, অযথা যে সমস্ত মাইক্রোবাস বা প্রাইভেটকার ঘোরাঘুরি করে সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ করে ভোর বেলায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের নিকট থেকে বর্তমান সময়ে থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় ভাটারা থানার এএসআই মোঃ মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার। তিনি এএসআই মোঃ মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ মোবারক হোসেন নাফিজ (২২) কে গ্রেফতার করেছিলেন এএসআই মেসবাহ। এছাড়া চলমান বিশেষ অভিযানে উত্তরা পশ্চিম থানার ওসি ও মোহাম্মদপুর থানার ওসি অধিক সংখ্যক পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলামসহ ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।- ডিএমপি নিউজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।