নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নানার বাড়ি ফেনী আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১৫৪২ কোটি টাকার প্রকল্প

সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:৪৮ 👁️ ১১ views
Link Copied!

মোহাম্মদ শামীম হোসেন, ফেনী : রাত পোহালেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার ১ অক্টোবর ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তাঁর সফর ঘিরে ইতোমধ্যে ফেনীজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।সফরের শুরুতে প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন ১ম পর্যায় প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

প্রকল্পের আওতায় প্রায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরশুরামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রকল্পটির পটভূমিতে রয়েছে ফেনীর পরশুরাম ও আশপাশের এলাকায় বন্যার দীর্ঘদিনের সমস্যা। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এ অঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। স্থায়ী বাঁধ ও পানি ব্যবস্থাপনার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যাবেন ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে সেখানে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।এরপর বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেবেন। দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর পর প্রকল্প উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর ফুলগাজীতে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিয়ে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে : রাজশাহীর ডিসি

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রকল্প উদ্বোধনস্থল, জনসমাগমের স্থান ও সড়কপথে প্রস্তুতিমূলক কাজও শেষ পর্যায়ে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।