নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ : সিইসি

জানুয়ারি ২৫, ২০২৬ ১১:৩৮ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এজন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে নির্বাচন কমিশন এই ব্রিফিং আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন কূটনৈতিক মিশনসমূহের প্রধান, বাংলাদেশস্থ জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সিইসি বলেন, গণতান্ত্রিক সংহতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা সুদৃঢ় করার ক্ষেত্রে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো নির্বাচনি প্রক্রিয়াকে স্বাধীন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে কমিশন কাজ করছে। নির্বাচনি প্রস্তুতি সমন্বিত ও বহুমাত্রিক পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে আইনগত সংস্কার, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে পরামর্শ এবং কার্যকর পরিকল্পনা প্রণয়ন।

তিনি জানান, দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে নারী ভোটার প্রায় ২৬ লাখ ৬৫ হাজার। বর্তমানে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। জাতিসংঘের বিভিন্ন সংস্থা নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিয়েছে।

আরও পড়ুনঃ  রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নির্বাচনের ৩০০টি সংসদীয় আসনের সীমানা পর্যালোচনা করা হয়েছে এবং যৌক্তিকতার ভিত্তিতে কিছু নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সিইসি আরও জানান, প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। এর আওতায় প্রায় ৮ লাখ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এ ছাড়া দেশের অভ্যন্তরেও নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন।

নির্বাচনের সকল উপকরণ প্রস্তুত রয়েছে এবং ব্যালট পেপার মুদ্রণ কার্যক্রম চলছে। এ ছাড়া নির্বাচন-সংক্রান্ত অভিযোগ ও বিরোধ নিষ্পত্তির জন্য আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিইসি বলেন, ভোটদানে জনগণকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলছে এবং নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন-সংশ্লিষ্ট বিষয়গুলোতে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ১,৯৯৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৬ জন। ৮১টি দেশি সংস্থা এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য। প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিজাইডিং অফিসার ৪২,৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২,৪৭,৪৮২ জন এবং পোলিং অফিসার ৪,৯৫,৭৬৪ জন। পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন কমপক্ষে ১৫,০০০ কর্মকর্তা।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ ৪১টি কূটনৈতিক মিশনের প্রধান এবং বাংলাদেশস্থ জাতিসংঘের ১১টি সংস্থার প্রতিনিধি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।