মোহাম্মদ শামীম হোসেন, ফেনী : ফেনীর সদর উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭-এর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীর (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মো. সজিবও আহত হয়েছেন।রোববার ৪ অক্টোবর ভোররাতে ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলমগীর সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দুর্ঘটনার সময় ফতেহপুর এলাকায় এসআরবির একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেওয়া হলে সেটি মহাসড়কে থামে। এর কিছুক্ষণ পর পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কার পর ট্রাকটি সড়কের পাশে দায়িত্ব পালনরত এসআরবি কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক মো. সজিবও আহত হন।দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত আহত আলমগীরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকটি প্রথমে থেমে থাকা কাভার্ডভ্যানকে এবং পরে দায়িত্ব পালনরত এসআরবি কর্মকর্তাকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

