বড়াইগ্রাম (নাটোর),প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৩টি গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২৬ বছরেও নিয়োগবিধি অনুমোদন বা বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নেমেছে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। সারাদেশে একযোগে টানা ১০ দিনের আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টা থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছে উপজেলার সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। প্রথমদিনের কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মমতাজ খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান ও আবুল হোসাইন, পরিবার কল্যাণ সহকারী শেফালী আক্তার প্রমূখ।
বক্তারা এ সময় বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই ৩ পদ ছাড়া সকল পদে নিয়োগবিধি আছে। দীর্ঘ ২৬ বছরেও এই ৩ পদে নিয়োগবিধি চূড়ান্ত হয় নাই। এটা খুবই দুঃখজনক ও আমাদের জন্য হতাশাজনক। এ নিয়োগবিধি অনুমোদন ও বাস্তবায়ন হলে আমাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি সহ চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সুযোগ সৃষ্টি হবে এবং অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা হবে। এ দাবী আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘ বছর ধরে ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে, শহীদ মিনারের সামনে, মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আন্দোলন চলাকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আশ্বাস দিলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি। আমরা এ নিয়োগবিধির দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন দাবি করছি।
আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এছাড়া আসন্ন জাতীয় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন করারও ঘোষণা দেন তারা।

