মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ চাষে নিষেধ করায় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক উপজেলার কিশোরপুর গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদি হাসান লিখন (২৬)
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কিশোরপুর গ্রামের পদ্মার জলাশয়ে মাছ চাষ করে মেহেদী হাসান লিখনের পরিবার। একই গ্রামের বাচ্চু হোসেনের ছেলে নাসিফ হোসেন (৩৫) ওই জলাশয় নিজের দাবি করে মাছ চাষে বাধা দেন। এ নিয়ে গতকাল সোমবার দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে পরে স্থানীয়ভাবে মিমাংসা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে লিখন বাড়ির পাশে খেজুর গাছের নিচে বসে ছিলেন। এসময় আগের দিনের জের ধরে প্রতিপক্ষ নাসিফ সেখানে এসে লিখনকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা হাসেনা বেগম বলেন,আমার ছেলে ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করে। গত রবিবার ছুটি নিয়ে বাড়িতে আসে।
প্রতিবেশী বাচ্চুর ছেলে নাসিফের সঙ্গে সোমবার দুপুরে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বাড়ির পাশে একা পেয়ে তাকে কুপিয়ে তাকে হত্যা করেছে।’
পাকুড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুল কাদের মোল্লা বলেন, নাসিফ ও লিখন পরস্পর প্রতিবেশী। পদ্মা নদীর পানি কমে যাওয়ায় কিছু জলাশয় হয়েছে। এতে কিছুদিন আগে মেহেদী হাসান লিখন মাছ ছেড়েছে।
পদ্মার ধারে নাসিফ জমি দাবি করে সেখানে মাছ চাষ করতে নিষেধ করে। এ ঘটনার জেরে লিখনকে কুপিয়ে হত্যা করেছে নাসিফ।’
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা জানান,খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

