নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে রাজশাহীতে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:২১ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মচারীরা। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করলেও কমিশনের প্রতিবেদন চূড়ান্ত হয়ে সরকারের কাছে জমা পড়ার পরও এখন পর্যন্ত গেজেট প্রকাশ না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। বক্তারা অভিযোগ করেন, গেজেট প্রকাশে বিলম্ব ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

উপ-পরিচালকের কার্যালয় কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহীর হিসাব রক্ষক মো. আরিফুল ইসলাম বলেন, সরকারি কর্মচারীরা আন্দোলন করতে চান না, কিন্তু মৌলিক অধিকার আদায়ের জন্য বাধ্য হয়েই রাজপথে নামতে হচ্ছে। তিনি বলেন, সরকার যদি অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করে, তাহলে কর্মচারীরা সঙ্গে সঙ্গে কাজে ফিরে যাবেন। একই সঙ্গে তিনি কর্মচারীদের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় নির্বাহের উপযোগী বেতন নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

এ সময় মাঠ ও বাজার পরিদর্শক হিমাংশু চন্দ্র বর্মণ বলেন, দীর্ঘদিন ধরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেও কোনো অগ্রগতি না দেখে তারা হতাশ। ন্যূনতম বেতন নিশ্চিত না হলে কর্মচারীদের পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন। আরেক মাঠ ও বাজার পরিদর্শক সুমন্ত কুমার হালদার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুনঃ  বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যেও দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘ভুখা মিছিল’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।