নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’

অক্টোবর ১, ২০২৬ ১০:৫৪ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে এক অন্যরকম শিহরণ জাগিয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর সেই মিষ্টি প্রেমের গল্প আজও সিনেপ্রেমীদের মনে অমলিন।

আরও পড়ুনঃ  বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এর বৈশ্বিক এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

দীর্ঘ ২৮ বছর পর সেই মধুর স্মৃতিকেই নতুন প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনা হচ্ছে। দুই নতুন মুখ রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ারকে নিয়ে নির্মিত ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি আগামী ২ অক্টোবর (শুক্রবার) সারা দেশের অন্তত ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

মূল গল্পকে অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্যেই হয়তো এবারও কেন্দ্রীয় দুই মূল চরিত্রে বেছে নেওয়া হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে। মূল সিনেমায় ফেরদৌস আহমেদের করা চরিত্রে এবার বড় পর্দায় অভিষেক ঘটছে আরিয়ানের, আর প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে।

আরও পড়ুনঃ  ফেনীতে সাধারণ মানুষের মাঝে জামায়াতে যোগদানের আহ্বান

ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্রের যৌথ প্রযোজনায় রূপালী পর্দায় আসা নতুন এই জুটিকে নিয়ে বেশ আশাবাদী পরিচালক। সিনেমাটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক অভিনয়শিল্পী।

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির তুমুল জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর সুর ও কণ্ঠে এর কালজয়ী গানগুলো। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ কিংবা ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো আজও শ্রোতা-দর্শকদের স্মৃতিকাতর করে তোলে। নতুন সিনেমায় সেই আবহ বজায় রাখতে পুরোনো ছয়টি গানের মধ্য থেকে তিনটি কালজয়ী গানের রিমেক করা হয়েছে। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের রুচি ও পছন্দ মিলিয়ে যুক্ত করা হয়েছে একদম নতুন দুটি গান।

আরও পড়ুনঃ  বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি : ববি হাজ্জাজ

‘আবার হঠাৎ বৃষ্টি’ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দর্শকেরা রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এবং কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলে উপভোগ করতে পারবেন এটি। এ ছাড়া নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ার স্টার সিনেপ্লেক্স ও সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, চট্টগ্রামের সুগন্ধা, যশোরের মণিহার, খুলনার লিবার্টি, কুমিল্লার কে স্ক্রিন, কুষ্টিয়ার স্বপ্নীল এবং বগুড়ার মমইন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।