নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

অক্টোবর ১৪, ২০২৬ ৬:৩৬ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেছেন, সব ক্ষেত্রে আন্তর্জাতিক ও নির্ধারিত মান বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। এজন্য আমাদের পণ্যের গুণগত মান ও সঠিক ওজন নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা!

বুধবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে ৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, কেনা-বেচা ও লেনদেনে ওজন ও পরিমাপে কম না দেওয়া এবং একে অপরের অধিকার রক্ষা করা ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তাই ব্যাবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও মান বজায় রাখা জরুরি।

তিনি বলেন, এসডিজির প্রথম লক্ষ্য ‘দারিদ্র্য বিমোচন’ এবং দ্বিতীয় লক্ষ্য ‘ক্ষুধামুক্ত বিশ্ব’ অর্জনের ক্ষেত্রে খাদ্যের সুষ্ঠু ব্যবহার ও মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। বর্তমানে খাদ্য উৎপাদনের ১৫ থেকে ২০ শতাংশ ইঁদুর ও পোকামাকড়ের কারণে নষ্ট হয়। এ ছাড়া রান্না ও পরিবেশনের পর্যায়ে আরও প্রায় ১০ শতাংশ খাবার অপচয় হয়। বিশেষ করে বড় অনুষ্ঠানে বুফে ব্যবস্থাপনায় প্রয়োজনের অতিরিক্ত খাবার নেওয়ার প্রবণতার কারণে প্রচুর খাবার নষ্ট হয় উল্লেখ করে তিনি এ ধরনের অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ভুল বা অপ্রয়োজনীয় ওষুধ সেবন থেকে বিরত থাকা প্রয়োজন। একই সঙ্গে এসডিজির চতুর্থ লক্ষ্য অনুযায়ী গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনের বিষয়েও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া নগর এলাকায় পয়োনিষ্কাশন, অগ্নিনিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

প্রধান অতিথি আরও বলেন, চিংড়ির মতো রপ্তানিপণ্যে অসাধু উপায়ে সাময়িক লাভবান হওয়ার চেষ্টা করলে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং পুরো ব্যবসায়ী সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নির্ধারিত মান অর্জনের মাধ্যমেই টেকসই সাফল্য নিশ্চিত করা সম্ভব।
এ তিনি সময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যক্রম, বিশেষ করে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ জোরদার করার তাগিদ দেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন

বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক কার্যালয়ের পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. মো. রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী এবং রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।