স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, পবা, বেলপুকুর থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক সরবরাহ ও পরিবহনের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর বাকীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: রেজাউল করিমের ছেলে মো: মেহেদী হাসান (২০) এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু দীপক (১৬) (ছদ্মনাম)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ০৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মেহেদীর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ২ টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, একই তারিখ বেলা আনুমানিক পৌনে ১১টার দিকে পবা থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় পবা থানার বড়ইকুড়ি গ্রামের বর্তমানে মদনহাটি গ্রামে বসবাসরত মো: ফিরোজ আহম্মেদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ফিরোজ আহম্মেদের স্ত্রী ও মো: নূরুল ইসলামের মেয়ে মোসা: নাহিদা সুমি (২৩) এবং একই গ্রামের মো: দেলোয়ার হোসেনের স্ত্রী ও মৃত ফকির আলীর মেয়ে মোসা: ফেরদৌসি বিবি (৫৪)-কে গ্রেপ্তার করে। এসময় ফেরদৌসি বিবির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ফেরদৌসি বিবি, নাহিদা সুমির, শাশুড়ি। তারা উভয়ে পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ফেরদৌসি বিবির বিরুদ্ধে পবা থানায় ইতিপূর্বে ১টি মাদক মামলা রয়েছে।
তাছাড়াও পবা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে পিল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার মোহনপুর থানার চাঁদপুর (হরিরামপুর) গ্রামের মো: মোজাহার হোসেনের ছেলে মো: নুর আলম (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৬০০ টাকা ও মাদক সরবরাহ ও পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে পবা থানা পুলিশ গত ১ অক্টোবর তারিখ রাত আনুমানিক পৌনে ১১টার দিকে তেবাড়ীয়া উত্তরপাড়া গ্রামের মো: মুকুল হোসেনের ছেলে মো: মাজেদুর রহমান ওরফে মামুন (২৮) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মামুনকে গ্রেপ্তার করে। এসময় মামুনের বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছড়াও বেলপুকুর থানা পুলিশ গত ২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাহেন্দ্রা গ্রামের মো: রেন্টু আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মো: রেন্টু আলীর ছেলে মো: রনি আহম্মেদ (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় রনির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্যে, আসামি রনির বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় ১টি মাদক মামলা রয়েছে।
এছাড়া কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানার কুঠিপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো: আক্তার হোসেন (২৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

