স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ৯দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম কুচপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার পত্নীতলা থানার নান্দাশ (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্বাস আলী মন্ডলের ছেলে মো: ইমরান হোসেন (৩৭) এবং একই থানার বশকৈল গ্রামের মৃত সুরেশের ছেলে শ্রী উৎপল (৪০)-কে গ্রেপ্তার করে। উভয়েই বর্তমানে শাহমখদুম থানার বড়বনগ্রাম কুচপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ইমরানের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্মীতলা থানায় ১টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, বোয়ালিয়া থানা পুলিশ গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে পঞ্চবটি আহম্মেদপুর এলাকায় অভিযান পরিচালনা করে শেখের চক গ্রামের বাবু শেখের ছেলে বিপ্লব (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মোট ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে চন্দ্রিমা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মুশরইল গ্রামের মৃত সাফায়াত উল্লা মুন্সির ছেলে মো: আজাদ (৫৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আজাদ’কে গ্রেপ্তার করে। এসময় আজাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

