স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৬ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি চৌদ্দপাই মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার নামো ভদ্রা গ্রামের মৃত তৌফিক এলাহী মান্নানের ছেলে মুসফিক এলাহী মাহিন (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মাহিনের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি ৭ অক্টোবর রাত আনুমানিক সোয়া ১২টার দিকে বিসিক শিল্পনগরী বটতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানার দূরদুনিয়া গ্রামের মো: দুলাল সরদারের ছেলে মো: লিমন আহম্মেদ (২৩); রাজশাহী জেলার বাগমারা থানার দামনাস হাট গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে মো: তোফাজ্জল হোসেন ওরফে সাগর (২২) এবং একই গ্রামের মো: আ: সাত্তারের ছেলে মো: সজিব হোসেন (২২)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৩০০ টাকা, মাদক সরবরাহ ও বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

