অনলাইন ডেস্ক : ইমরানের সঙ্গে গাইছিলেন তার মার্কিন ভক্ত ডেভ।
বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ইমরান মাহমুদুল। সেখানে চলছে তার মিউজিক্যাল ট্যুর। দীর্ঘ এই ট্যুরে তিনি একের পর এক শহরে কনসার্ট করছেন, ভক্তদের আনন্দে মাতাচ্ছেন। আবার নিজেও তাদের ভালোবাসায় মুগ্ধ হচ্ছেন।
এই যেমন এক ভক্তের ভালোবাসায় অবাক হলেন ইমরান। যিনি বাঙালি নন, আমেরিকান। অথচ ইমরানের বাংলা গান তার মুখস্থ! একটি গান গাওয়ার মুহূর্ত শিল্পী নিজেই শেয়ার করলেন ফেসবুকে।
তাতে দেখা গেল, ইমরানের সঙ্গে গলা মিলিয়ে ওই মার্কিন ভক্ত গাইছেন, ‘জানে এই মন জানে, তুমি যে আমার/ তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার’। প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণে গেয়েছেন সেই ভক্ত। সহজেই বোঝা যাচ্ছিল, গানটি তার মুখস্থ।
ইমরান জানালেন, ওই ভক্তের নাম ডেভ। তাকে নিয়ে ইমরান লেখেন, ‘আমার গানের অনেক বড় ভক্ত ডেভ। আমার অনেক গান তার মুখস্থ। সে সত্যিকার অর্থেই সংগীত ভালোবাসে, বিশেষ করে বাংলা গানের প্রতি তার ভালোবাসা অগাধ। এটা জানতে পেরে আমিও আনন্দিত হয়েছি।’
যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে ইমরান
ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমরান লেখেন, ‘ধন্যবাদ ডেভ, এই ভালোবাসা ও সমর্থনের জন্য। বাংলা গান এভাবেই সীমানা ছাড়িয়ে আরো অনেকের হৃদয়ে পৌঁছে যাক।’
ইমরান ও ডেভ যে গানটি গুনগুন করলেন, সেটির শিরোনাম ‘জানে এই মন জানে’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত ইমরানেরই। ‘ধ্যাততেরিকি’ (২০১৭) সিনেমার গান এটি। যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।
গানের গীতিকার জীবন জানান, এক যুগ আগে গানটি লিখেছিলেন। এতটা সময় পেরিয়ে, একজন ভিনদেশির কন্ঠে গানটি শুনে তিনিও কিছুটা অবাক হয়েছেন। তার মতে, গানের শক্তি এমনই, দেশ-সীমান্ত কিংবা ভাষার সীমাবদ্ধতা দূর করে দেয়।

