নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নভেম্বর ১০, ২০২৬ ১১:৪৪ 👁️ ৬৮ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুনঃ  নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেলের কর্মকর্তা আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুরুদ্দিন শেখ। প্রায় ৩০ বছর ধরে পেশাদার বাসচালক হিসেবে কাজ করছিলেন তিনি।

পুলিশ ও বাস শ্রমিকদের সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার বাসটি কিশোর-তন্ময় পরিবহনের। এটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। গত দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান। পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে থাকলেও রাতে দেরি হলে অনেক সময় বাসের মধ্যেই ঘুমিয়ে পড়তেন তিনি।

আরও পড়ুনঃ  নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তার বাড়ি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকায়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি টার্মিনালের পাশে রাখা ছিল এবং চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে তার একটি হাত পুড়ে যায়। পরে তিনি বাস থেকে বেরিয়ে এসে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে বাসটিতে আগুনের ভয়াবহতা দেখতে পান তারা। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

পুলিশ কর্মকর্তা আজমীর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন বাসটির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, চালক কালাচান শেখের মৃত্যু সরাসরি অগ্নিদগ্ধ হওয়ার কারণে হয়নি। আগুন লাগার পর তিনি দ্রুত বাস থেকে বের হতে সক্ষম হলেও অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।