নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

নভেম্বর ১০, ২০২৬ ১২:১২ 👁️ ৪১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া একজনকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৪৮ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। অন্যদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও রোগী হাসপাতালে আসতে পারেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  অবৈধ ফোন বন্ধে নতুন তারিখ ঘোষণা বিটিআরসির

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগলে সেখান থেকে নির্গত ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীদের অনেকে শ্বাসকষ্ট ও ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণজনিত ইনজুরিতে (ইনহেলেশন বার্ন) আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসাটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে কাজ করে আগুন নেভায়। ধোঁয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পার্থ হালদার। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।