স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা সদরে ঐতিহাসিক দিঘিতে গোসল করতে নেমে অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ঐতিহাসিক দিঘিতে এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক (৪৫)। সে বেশ কিছুদিন ধরে বাঘা মাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।
বাঘা মাজারের খাদেমের সুলতান আহমেদ জানান, সোমবার সন্ধ্যার দিকে ওই নারী দিঘিতে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। তবে তার হাতে থাকা একটি লাঠি গোসলের স্থানে পানির মধ্যে পুঁতে রাখা ছিল। ওই লাঠি দেখে সন্দেহ হলে স্থানীয় লায়েব উদ্দিন নামে এক যুবক দিঘিতে নেমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীদের সহযোগিতায় মুর্মূষু অবস্থায় তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই নারীর বাড়ি কুষ্টিয়া অথবা যশোর এলাকায় হতে পারে বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান,লাশ উদ্ধার করে রাজশাহীতে পাঠানো হয়েছে।
