সময়ের কথা ডেস্ক :পুঁজি ও জামানতের সংকটে থাকা অতিক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রয়োজনীয় নথিপত্রের অভাবে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা স্বল্প আয়ের শ্রমজীবী মানুষদের ঋণসুবিধা দিতে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গঠিত এই তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো বার্ষিক মাত্র ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে বিতরণ করতে পারবে, যা শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে মুনাফার সর্বোচ্চ সীমা হিসেবেও কার্যকর হবে। পাঁচ বছর মেয়াদি এ ঋণের আওতায় ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দুই থেকে পাঁচ সদস্যের দলগত উদ্যোগে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা মিলবে। এর মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো ধরনের স্থাবর জামানতের প্রয়োজন হবে না। প্রান্তিক জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নীতিমালা অনুযায়ী, গ্রামীণ ও মহল্লাভিত্তিক অতিক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, কামার, কুমার, তাঁতি, দর্জি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রনিক্স মেরামতকারী, মুদি দোকানি, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, চা-শ্রমিক, রিকশা ও ভ্যানচালকেরা এই অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন। প্রথাগত পেশার বাইরে ফ্রিল্যান্সিং, নার্সারি, কুটির ও হস্তশিল্প এবং বিভিন্ন সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরাও এ সুবিধা পাবেন। কৃষকদের ক্ষেত্রে ১০ টাকার ব্যাংক হিসাবধারী কৃষক স্মার্ট কার্ডপ্রাপ্ত ভূমিহীন ও প্রান্তিক চাষিদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কার্ড না থাকলেও যোগ্য কৃষকেরা যাতে অর্থায়ন থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে আন্তরিক থাকার তাগিদ দেওয়া হয়েছে।
সামাজিক সাম্য ও সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে মোট তহবিলের ন্যূনতম ২৫ শতাংশ অর্থ আবশ্যিকভাবে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের নাগরিক, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড় কিংবা মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার তালিকায় থাকবেন। অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে বৃত্তিমূলক, কারিগরি ও আইটি প্রশিক্ষণের পাশাপাশি চিকিৎসাবিজ্ঞান ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় এবং শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্যও অভিভাবকের নিশ্চয়তাসাপেক্ষে শিক্ষার্থীদের ঋণ নেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছে।
গ্রাহকের ১০, ৫০ কিংবা ১০০ টাকার ব্যাংক হিসাবে ঋণের অর্থ সরাসরি ছাড় করা হবে এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা কিস্তির বিরতি দেওয়া যাবে। গ্রাহকের আর্থিক সক্ষমতা অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক অথবা বার্ষিক কিস্তিতে অর্থ আদায়ের সুযোগ থাকবে এবং ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে কোনো সিআইবি তদন্ত ফি গ্রহণ করা যাবে না। ব্যাংকগুলো তাদের নিয়মিত শাখার পাশাপাশি উপশাখা, এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এ তহবিল মাঠপর্যায়ে পৌঁছে দেবে। ঋণ বিতরণের সঠিক ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিটি ব্যাংককে নিয়মিত তদারকি চালাতে হবে এবং প্রতি তিন মাস পর পর কেন্দ্রীয় ব্যাংকের নিকট আনুষ্ঠানিক অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।

