মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর শাহ ডাইন চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি। এদিকে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার চুনিয়াপাড়ায় অবস্থিত কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শন করেন। এ সময় রিসোর্টের বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি শুটিংয়ের জন্য ভিডিও ধারণ করেন তিনি।
অনুষ্ঠানে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের সর্বোচ্চ শেয়ার ক্রয়কারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য শেয়ার ক্রয়কারী এবং অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে শেয়ার ক্রয়কারীদের আকর্ষণীয় পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। চিত্রনায়ক ওমর সানির উপস্থিতিতে অনুষ্ঠানটি অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের রাজশাহী হেড অফিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম হোসেন, ফাইন্যান্স হেড মো. সেলিম উদ্দিন, ডিরেক্টর অব পাবলিকেশন মাহফুজুর রহমান মাহবুব এবং অ্যাডমিন ও অপারেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. আসাদুজ্জামান ডালিম। এছাড়া প্রতিষ্ঠানটির ঢাকা করপোরেট অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএম সাকলায়েন ও ডিরেক্টর অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তানোরে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় সম্পূর্ণ গ্রামীণ ও নিরিবিলি পরিবেশে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট গড়ে তোলা হয়েছে। প্রকল্পটির মোট ৪৯ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রকল্পটির অংশীদার হওয়ার সুযোগ পাবেন বলে জানান তারা। এ সময় সম্ভাব্য বিনিয়োগকারীদের প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার দুপুরে রিসোর্ট এলাকায় গিয়ে চিত্রনায়ক ওমর সানি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। শুটিংয়ের লোকেশন হিসেবে জায়গাটি পরিদর্শনের পাশাপাশি তিনি বেশ কিছু ভিডিও ধারণ করেন। তার আগমনে স্থানীয় পর্যায়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। এ সময় উপস্থিত তানোরের সাংবাদিকদের সঙ্গে জনপ্রিয় এই অভিনেতাকে একই ফ্রেমে ক্যামেরাবন্দি হওয়ার সুযোগ তৈরি হয়।
স্থানীয়দের মতে, গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি আবহে গড়ে ওঠা এ ধরনের বিনোদন ও অবকাশকেন্দ্র তানোরের পর্যটন সম্ভাবনাকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।

