নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আটোয়ারীতে ঐতিহ্যবাহী রাস মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

নভেম্বর ১৬, ২০২৬ ৮:৩১ 👁️ ১০ views
Link Copied!

মোঃ আব্দুস সামাদ, (পঞ্চগড়) : শিক্ষা ও ধমী ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে লোকজ সংস্কৃতির ধারক পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী ২৪ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়,উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান রাসেল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহমান আব্দর, উপজেলা এনসিপির সভাপতি মোঃ সোলাইমান আলী সহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলামকে আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬-এর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি মেলায় বিপনয়ন ও সুষ্ঠু বিনোদনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা এ অঞ্চলের ইতিহাস, ধর্মীয় সম্প্রীতি, লোকজ সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক ঐতিহাসিক নিদর্শন। জনশ্রুতি রয়েছে, উনবিংশ শতকের ষাটের দশকে, আলোয়াখোয়া এলাকার জমিদার তারিণী প্রসাদ রায়ের উদ্যোগে নাগর নদীর তীরে এ মেলার প্রচলন শুরু হয়। সেই হিসাবে মেলাটির ইতিহাস প্রায় দেড় শতাব্দীরও বেশি সময়ের।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রাস পূর্ণিমাকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করা হয়। প্রতিবছর কার্তিক, অগ্রহায়ণ মাসে রাস পূর্ণিমার পবিত্র তিথিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ‘রাস ঘোরানো’র মধ্যদিয়ে মেলার শুভ সূচনা হয়ে থাকে। ধর্মীয়, আচার-অনুষ্ঠান ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ এক একমাস ব্যাপী চলা এ আয়োজন বৃহত্তর জনপদের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
আলোয়াখোয়া রাশ মেলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া ক্রয়-বিক্রয়ের জন্য। পশু কেনাবেচা আলোয়াখোয়া রাশ মেলার অন্যতম প্রধান আকর্ষণ। অন্যদিকে মনোরম পরিবেশে সুস্থ বিনোদন ও আমোদ-প্রমোদের জন্য সার্কাস, মোটরসাইকেল খেলা, পুতুল নাচ,যাত্রা, জাদু, নাগরদোলা-সহ নানা চিত্তবিনোদনের ব্যবস্থা। সমগ্র মেলাজুড়ে ব্যবহার্য পণ্য সামগ্রীর বিপণন তথা মাটি, কাঠ ও স্টিলের আসবাব, খেলনাসহ নানা রকমারী খাদ্য সামগ্রির দোকান বসানো হয়।

কালের পরিক্রমায় আলোয়াখোয়া রাশ মেলা তার ধর্মীয় গণ্ডি পেরিয়ে পরিণত হয়েছে সব ধর্ম ও বর্ণের মানুষের এক মহামিলনমেলায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ মেলা স্থানীয় মানুষের স্মৃতি, আবেগ ও আনন্দের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে গ্রামীণ জনপদের শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়োবৃদ্ধদের কাছেও মেলাটি আনন্দ ও মিলনমেলার এক বিশেষ উপলক্ষ।

আসন্ন আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ ঘিরেও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী ২৪ নভেম্বর মেলার উদ্বোধনের মধ্য দিয়ে আবারও এ জনপদে বসবে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা। প্রায় দেড় শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে আলোয়াখোয়া রাশ মেলা যেন আজও এ অঞ্চলের মানুষের অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।