স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার, কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা ও ফেয়ারডিল সিরাপ উদ্ধারসহ মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ মহানগরীর বাজে কাজলা কড়াইতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৬) এবং তাঁর স্ত্রী মোসা. রোজিনা খাতুন (৪০) কৌশলে পালিয়ে যান। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২১ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, পলাতক আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি, বোয়ালিয়া থানায় একই আইনে ১টি এবং রাজশাহী মহানগরী পুলিশ আইনে ১টি নন-এফআইআর মামলা রয়েছে।
অপরদিকে, ১৫ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া গ্রামের আক্কাচের মেয়ে এবং মো. মামুন হোসেনের স্ত্রী মোসা. বিলকিস বেগম (৪৫)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিলকিস কৌশলে পালিয়ে গেলেও এ সময় টাংগন (টুনাপাড়া) গ্রামের মৃত রহিজ উদ্দীনের মেয়ে এবং আক্কাচের স্ত্রী মোসা. দলু বেগম ওরফে দোলোয়ারা (৬৬)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে বিলকিসের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি বিলকিস গ্রেপ্তারকৃত দোলোয়ারার সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
অন্যদিকে, ১৪ নভেম্বর রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ মহানগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দক্ষিণ রেলগেট গ্রামের মীর মোহাম্মদ ফজর আলীর ছেলে এবং বর্তমানে চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকায় বসবাসরত মীর মোহাম্মদ পারভেজ আলী (৩০) ও বোয়ালিয়া থানার দেবিশিং পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মো. আসাদুজ্জামান ওরফে আশা (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

