স্টাফ রিপোর্টার : নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে UN Women আয়োজিত 16 Days of Activism Against Gender-Based Violence শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবে। তিনি জানান, নির্যাতনের শিকার নারী ও শিশু দ্রুত আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যাতে ভুক্তভোগীরা সকল সেবা পান।
তিনি আরো বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সকলের সমন্বিত প্রচেষ্টাতেই এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Michael Miller, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী Carol Flore-Smereczniak। এছাড়াও, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।#
