স্টাফ রিপোর্টার : দেশের প্রচলিত আইন ও বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, এর বাইরে ভিন্ন কোনো উপায়ে বা অযৌক্তিক শর্তে তাঁর দেশে ফেরার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘উইমেন জার্নালিস্ট ফোরাম’-এর সাথে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “উনি বিদেশে অবস্থান করছেন এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমেই আমরা ওনাকে ফেরত আনতে চাচ্ছি। উনি বিমানে আসবেন নাকি বর্ডার দিয়ে আসবেন তা নিয়ে ওনাদের দলের নেতারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। আদতে দেশে ফেরার কোনো বাস্তব পদক্ষেপ উনি নেননি। মূলত দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক (রিলেভ্যান্ট) থাকার কৌশল হিসেবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এসব গুজব ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।”
তিনি আরো উল্লেখ করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড। দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ৩৭ বিলিয়ন ডলারের রিজার্ভসহ অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই তারা অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, “দেশের জনগণের অর্থ লুটপাট ও গণহত্যা চালিয়ে যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাঁর ব্যক্তিগত বক্তব্য বা কৌশলের চেয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের প্রচলিত আইন এবং এক্সট্রাডিশন চুক্তি অনুসরণ করেই তাঁকে ফিরিয়ে আনা হবে। বর্তমান সরকার এখন জনগণের কল্যাণ, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় পূর্ণ মনোযোগ দিচ্ছে।”
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক বা হিন্দু-মুসলমান ইস্যু হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছে, যা তাদের স্থানীয় রাজনীতির ফায়দা লোটার কৌশল মাত্র।”

