নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রামেক হাসপাতালে পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র উদ্বোধন

নভেম্বর ১৮, ২০২৬ ৭:২২ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি রোগী পরিবহনসেবা সহজ করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগের সামনে এ দুটি সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়েছে। হাসপাতালের সেবার পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, ডিসি ট্রাফিক মো. নূর আলম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. মো. ওয়াসিম হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম, রামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু এবং হাসপাতালের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ।

এ ছাড়া আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রামেক হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজনের সমাগম ঘটে। এ কারণে রোগী ও স্বজনদের নিরাপত্তা, হাসপাতালের শৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।

অন্যদিকে, জরুরি রোগী পরিবহন, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী স্থানান্তর এবং হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবহনে বেসরকারি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির প্রয়োজন হয়। কিন্তু অ্যাম্বুলেন্সের প্রাপ্যতা, ভাড়া নির্ধারণ, সমন্বয় ও সেবার মান নিয়ে প্রায়ই রোগীর স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা কমাতে চালু করা হয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, নিরাপদ হাসপাতাল, সুশৃঙ্খল পরিবেশ এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কার্যক্রম সফল করতে হাসপাতাল প্রশাসন, পুলিশ প্রশাসন, অ্যাম্বুলেন্স মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।