নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

নভেম্বর ২০, ২০২৬ ৯:৪৫ 👁️ ১৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

এদিকে প্রবাসী আয়ের প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

গত ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

এর আগে বাংলাদেশ ব্যাংকের বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ নভেম্বর এক দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৮ কোটি ১০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে ওই হিসাব অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ২ শতাংশ।

প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে নভেম্বরের প্রথম ১৮ দিনে আসা ২১৩ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয়ের পরিমাণ দেশীয় মুদ্রায় ২৬ হাজার ২২৩ কোটি টাকার বেশি। প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।