নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী , গ্রেপ্তার ৩

নভেম্বর ২৫, ২০২৬ ৫:০২ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির প্রীতবিহার এলাকায় নিজ সহকর্মীদের হাতে ২২ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল সোমবারের এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, দুটি ভিন্ন ক্যাফেতে কাজ করা ওই তরুণী ও তাঁর আরও ছয় সহকর্মী শুরুতে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটান এবং সেখানে মদ্যপান করেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে তাঁরা ওই ক্যাফে থেকে বের হয়ে আসেন। এরপর তরুণীটি তাঁর মাকে ফোন করে জানান যে তিনি মান্দাওয়ালিতে এক বন্ধুর বাসায় যাচ্ছেন। পরবর্তীতে এক পুরুষ বন্ধু ভুক্তভোগীসহ তিন নারীকে মান্দাওয়ালিতে নামিয়ে দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিজেদের বাসায় ফেরার বদলে ওই দলের সবাই মিলে প্রীতবিহার থানার আওতাধীন কাছাকাছি আরেকটি ক্যাফেতে যান। কর্মকর্তারা জানান, ওই তরুণী জানতেন যে রাতের জন্য বন্ধ হয়ে যাওয়া ক্যাফেটির চাবি একটি ফুলের টবের নিচে লুকানো থাকে। তিনিই সহকর্মীদের সবাইকে সেখানে নিয়ে যান। পরে ফুলের টবের নিচ থেকে চাবি বের করে তাঁরা ক্যাফেটি খোলেন এবং ভেতরে ঢুকে পার্টি করেন। পুলিশ বলছে, ভুক্তভোগী তরুণীসহ সাতজনের সবাই সেই ক্যাফেতে উপস্থিত ছিলেন এবং সেখানে তাঁরা পুনরায় মদ্যপান করেন। এরপর ভোররাত সাড়ে ৩টার দিকে দলের সবাই ক্যাফে থেকে বেরিয়ে যান। পরে গতকাল ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে ওই তরুণী তাঁর অপর এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে (পিসিআর) ফোন করেন।

খবর পাওয়ার পর ভুক্তভোগীকে থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। পুলিশ কর্মকর্তারা জানান, তদন্ত চলাকালে ওই তরুণী অভিযোগ করেন, দুই পুরুষ সহকর্মী তাঁকে যৌন নির্যাতন করেছেন। সে সময় বাকি চারজন ঘটনাটি প্রত্যক্ষ করলেও তাঁদের কেউই কোনো বাধা দেননি।

কর্মকর্তারা আরও জানান, এ ঘটনায় দলবদ্ধ ধর্ষণের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের মধ্য থেকে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক থাকা বাকি তিনজনের সন্ধান চালাচ্ছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।