নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

নভেম্বর ১৫, ২০২৬ ১১:১৩ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩২৭ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আজ প্রথম টেস্টের প্রথম দিনে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

হৃদয় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। অন্য প্রান্তে লিটন দাস অপরাজিত রয়েছেন ৯২ রানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সংগ্রহ। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৩২০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

চতুর্থ উইকেটে হৃদয় ও লিটন ২০৬ রানের অসাধারণ জুটি গড়েন। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এটিই সর্বোচ্চ জুটি। ২০২৪ সালে মিরপুরে জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রানের জুটির রেকর্ড ভেঙেছেন তাঁরা।

দিন শেষে কাগিসো রাবাদার শিকার ৫১ রানে ৫ উইকেট। দিনের শেষ বলে হৃদয়ের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন মার্কো জানসেন।

হৃদয়ের বিদায়ে তাঁর ও লিটনের অবিশ্বাস্য জুটির অবসান ঘটে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রথম ঘণ্টাতেই রাবাদার তান্ডবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ।

নতুন বলে রাবাদার বিধ্বংসী বোলিংয়ের সামনে কোনো জবাবই ছিল না ব্যাটারদের। তাঁর বোলিং সামলাতে না পেরে নবম ওভারেই ২২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।

ইনিংসের প্রথম বলেই আঘাত হানেন লম্বা গড়নের এই পেসার। টেস্ট অভিষেকেই দুঃস্বপ্নের মুখে পড়েন মাহফিজুল ইসলাম রবিন।

অফ স্টাম্পের ঠিক বাইরে দারুণভাবে বল মুভ করান রাবাদা। ড্রাইভ করতে গিয়ে খোঁচা দেন মাহফিজুল। বলটি চতুর্থ স্লিপে গেলে মার্কো জানসেন সহজেই ক্যাচটি তালুবন্দি করেন। ফলে প্রথম টেস্ট ইনিংসেই গোল্ডেন ডাকের শিকার হন মাহফিজুল।

নিজের দ্বিতীয় ওভারে মুমিনুল হককে শূন্য রানে ফিরিয়ে দেন রাবাদা। অতিরিক্ত বাউন্সে তাঁকে পরাস্ত করেন তিনি। এরপর সিমের অবস্থান বদলে আসা বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১২) স্টাম্প ভেঙে দেন এই পেসার।

রাবাদা ও তাঁর সতীর্থ পেসারদের আক্রমণ সামলে দলকে লড়াইয়ে রাখেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলা হৃদয় এবং ওপেনার তানজিদ।

কঠিন কন্ডিশনে বাংলাদেশ মানসিকভাবে ভেঙে পড়বে বলে মনে হচ্ছিল। তবে তাঁরা দক্ষতার সঙ্গে রাবাদার হুমকি সামলে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি।

তানজিদ বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন। শেষ পর্যন্ত টিকে থেকে মধ্যাহ্ন বিরতির আগে শেষ ওভারে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট অর্ধশতক তুলে নেন তিনি। বাঁহাতি স্পিনার সিমন হারমারকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ-সুইপ করে চার মেরে ৭৯ বলে ফিফটি পূর্ণ করেন তানজিদ।

তবে শেষ পর্যন্ত রাবাদার কাছেই হার মানেন তিনি। দ্রুতগতির বলে স্টাম্প ভেঙে তানজিদের ইনিংসের সমাপ্তি ঘটান রাবাদা। ১০৮ বলে ১২টি চারে ৬৭ রান করেন এই ওপেনার।

পরের বলেই হারমারের হাতে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন মুশফিকুর রহিম। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ১৮তম পাঁচ উইকেট পূর্ণ করেন রাবাদা।

হ্যাটট্রিক বলটি সামলে দেন লিটন দাস। এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন তিনি।

মার্কো জানসেনের বলে এক রান নিয়ে ৯৯ বলে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়। ফিফটির পর হিসাব করে ঝুঁকি নিয়ে ইনিংসের গতি বাড়ান তিনি।

তাঁর অবিচল মনোভাব ও দৃঢ়তা কাজে আসে। ১৯৪ বলে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। ডেন প্যাটারসনের বলে থার্ডম্যান অঞ্চল দিয়ে চার মেরে শতরানের মাইলফলকে পৌঁছান তিনি।

এরপর দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হন হৃদয়। ইচ্ছেমতো শট খেলতে থাকেন তিনি। অন্য প্রান্তে শান্তভাবে রান বাড়াতে থাকেন লিটন।

তবে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর আবারও ভয়ংকর হয়ে ওঠেন রাবাদা। এ সময় কয়েকবার শরীরে বলের আঘাত সহ্য করতে হয় হৃদয়কে।

শেষ পর্যন্ত দিনের শেষ বলে জানসেনের নিচু ফুলটস ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে হৃদয়ের অসাধারণ ইনিংসের সমাপ্তি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।