নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

নভেম্বর ১৩, ২০২৬ ১০:১৪ 👁️ ৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মাইকেল ক্যারিককে বরখাস্তের পর ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মাউরিসিও পচেত্তিনোকে। যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সময় সংবাদ সম্মেলনে কান্না ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান।

ক্লাব ‍ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। এরই মধ্যে পচেত্তিনোকে প্রধান কোচ হিসেবে চূড়ান্ত করল ম্যানইউ। আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাঠে ফিরবে তারা। তার আগেই ওল্ড ট্রাফোর্ডে পা রাখবেন নতুন কোচ।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রধান কোচের পদ ছাড়ার পর সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি, ‘এখন কথা বলা কঠিন। আমি খুব আবেগপ্রবণ। এটা খুবই দুঃখজনক সিদ্ধান্ত, আমার কর্মজীবনের সবচেয়ে কঠিন।’

তারপরই বাস্তববাদী কণ্ঠে বললেন, ‘কিন্তু আমরা পেশাদার। আমাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি।’

ম্যানইউর সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তি করেছেন পচেত্তিনো। ২০২৯ সালের জুন পর্যন্ত তাকে নিয়োগ দিয়েছে বলে বিভিন্ন সূত্র বিবিসি স্পোর্টকে জানিয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হন পচেত্তিনো। তার অধীনে দারুণ সাফল্য পেয়েছে দেশটি। আর্জেন্টাইন কোচের মেয়াদে ৩৫ ম্যাচ খেলে ২১টি জয়, হার ১২টি। গত বছর কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে উঠেছিল যুক্তরাষ্ট্র এবং গত বিশ্বকাপে খেলেছিল শেষ ষোলোতে।

পচেত্তিনোর কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৯ সালে এস্পানিওলে। তারপর সাউদাম্পটনে যোগ দিয়ে ২০১৪ সালে তাদের ক্লাব রেকর্ড প্রিমিয়ার লিগ পয়েন্ট এনে দেন। টটেনহাম হটস্পারে পূর্ণ পাঁচটি মৌসুমে পচেত্তিনো ক্লাবকে টানা চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগে তোলেন এবং ২০১৯ সালে ক্লাব প্রথমবার ফাইনাল খেলে।

২০২১ সালে পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ান শিরোপা জেতেন পচেত্তিনো। এছাড়া ফরাসি কাপ ও ট্রফি দে চ্যাম্পিয়নস জিতে চেলসিতে যোগ দেন ২০২৩ সালে। তারপর প্রথমবার কোনো জাতীয় দলের কোচ হিসেবে যুক্ত হন যুক্তরাষ্ট্রের ফুটবলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।