নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নভেম্বর ২১, ২০২৬ ১১:৫২ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে সাত কেজি গাঁজাসহ মোঃ তারিফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় আভিযানিক দল জানতে পারে, রাজশাহীর তানোর থেকে ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানে করে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল আমনুরা ধীনগর মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

অভিযান চলাকালে বেলা ১১টা ৪৫ মিনিটে সন্দেহভাজন ওই ব্যক্তি অটোচার্জার ভ্যান নিয়ে চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশ তাকে থামার সংকেত দেয়। পরে ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ভ্যানে থাকা একটি প্লাস্টিকের বস্তার বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে সন্দেহ হলে তাকে আটক করে বস্তাটি তল্লাশি করা হয়।

তল্লাশিতে বস্তার ভেতরে ১৬টি প্লাস্টিকের সুতলির বান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে খাকি রঙের স্কচটেপে মোড়ানো চারটি পৃথক প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে মোট সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য দুই লাখ ১০ হাজার টাকা।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে বেলা ১২টা ৩৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত জব্দের প্রক্রিয়া সম্পন্ন করে আভিযানিক দল।

গ্রেপ্তার মোঃ তারিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ আলম এবং মায়ের নাম মোছা. ছেরিনা খাতুন।

এসআরবি-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের মাধ্যমে মাদক পরিবহনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।