স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। পাকা ধান কাটার মৌসুমে হঠাৎ বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে এখনো মাঠে প্রায় ৮০ শতাংশ ধান কাটা বাকি থাকায় ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া অনুকূলে না থাকলে পাকা ধান নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষিই তাদের প্রধান জীবিকা। বছরের পর বছর জমিতে শ্রম, অর্থ ও সময় বিনিয়োগ করে উৎপাদিত ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকেন তারা। কিন্তু চলতি আমন মৌসুমের শেষ সময়ে টানা বৃষ্টিতে সেই স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে কিংবা মাঠের পাশে শুকানোর জন্য রেখেছেন। কেউ ধান কাটলেও বৃষ্টির কারণে মাড়াই করতে পারছেন না। আবার কোথাও জমিতে পাকা ধান পড়ে রয়েছে। বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় শুকানো ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। এতে একদিকে যেমন ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে শ্রমিক সংকটেও পড়েছেন কৃষকরা।
উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের কৃষক আনারুল বলেন, ‘আমার ১৫ বিঘা জমির ধান কাটা হয়েছে। ধানগুলো মাঠে শুকানোর জন্য রাখা ছিল। হঠাৎ বৃষ্টি হওয়ায় সব ধান ভিজে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে ধান কাটার শ্রমিকরাও বাড়ি চলে গেছেন। এখন ধান শুকানো ও মাড়াই করা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
একই গ্রামের কৃষক জহিরুল বলেন, ‘আমার ১৮ বিঘা জমির মধ্যে ১৩ বিঘার ধান কাটা হয়েছে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে কেটে রাখা সব ধান ভিজে গেছে। এখন ধান কীভাবে শুকাব, কীভাবে ঘরে তুলব, তা নিয়ে চিন্তায় আছি। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে আরও ক্ষতির মুখে পড়তে হবে।’
একই ধরনের দুর্ভোগের কথা জানিয়েছেন ওই গ্রামের কৃষক আমিনুল, মিঠু ও মাসুদ। তাদের ভাষ্য, ধান চাষে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে প্রচুর টাকা খরচ হয়েছে। অনেকেই ধারদেনা করে চাষাবাদ করেছেন। এখন ফসল ঘরে তোলার সময় বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন তারা।
পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক জাইদুর বলেন, ‘ধানের আবাদ করতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। কেউ ঋণ নিয়েছেন, কেউ এনজিও থেকে টাকা ঋন করেছেন। ফসল ভালোভাবে ঘরে তুলতে পারলে সেই টাকা পরিশোধ করব-এমন আশা ছিল। কিন্তু এখন বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছি। ফসলের ক্ষতি হলে ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, তা বুঝতে পারছি না।’
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান কাটার মৌসুমে সাধারণত আবহাওয়া শুষ্ক থাকলে দ্রুত ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ সম্পন্ন করা যায়। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমা, কাটা ধান ভিজে যাওয়া এবং শ্রমিকের সংকট—সব মিলিয়ে কৃষিকাজে স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব কৃষকের ধান কাটা হয়ে মাঠে পড়ে আছে, তাদের দুশ্চিন্তা সবচেয়ে বেশি।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে বারবার ভিজলে ধানের রং ও গুণগত মান নষ্ট হতে পারে। ধান শুকাতে দেরি হলে মাড়াইয়ের কাজও পিছিয়ে যাবে। এতে উৎপাদিত ধান বাজারে বিক্রির সময় ন্যায্যমূল্য পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। পাশাপাশি মাঠে থাকা পাকা ধান সময়মতো কাটতে না পারলে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে ধান কাটার শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৃষ্টির কারণে অনেক শ্রমিক কাজ বন্ধ রেখে বাড়িতে চলে গেছেন। ফলে আবহাওয়া কিছুটা ভালো হলেও একসঙ্গে বিপুল পরিমাণ ধান কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।
কৃষকদের দাবি, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত তাদের দুর্ভোগ কমার সম্ভাবনা নেই। দ্রুত বৃষ্টি থেমে রোদ উঠলে মাঠে কেটে রাখা ধান শুকানো এবং অবশিষ্ট পাকা ধান কাটার কাজ শুরু করতে পারবেন তারা। এ অবস্থায় কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে তানোর উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে তানোরের কৃষকদের এখন একটাই প্রত্যাশা—দ্রুত আবহাওয়া স্বাভাবিক হোক, মাঠের পাকা ধান নিরাপদে ঘরে উঠুক। কারণ এই ধানই তাদের সারা বছরের খাদ্য, সংসারের খরচ এবং ঋণ পরিশোধের অন্যতম ভরসা। প্রকৃতির বৈরী আচরণে সেই স্বপ্ন যেন ভেঙে না যায়, এখন সেই আশঙ্কাতেই দিন কাটছে কৃষক পরিবারের।

