স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে কয়েকটি ফার্মেসিকে জরিমানা করার প্রতিবাদে উপজেলার অধিকাংশ ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে চরম বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা। বিশেষ করে জরুরি ওষুধ সংগ্রহ করতে না পেরে দুর্ভোগে পড়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার পর থেকে পুঠিয়া উপজেলা সদরের অধিকাংশ ফার্মেসি বন্ধ দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের পাঁচটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য সরবরাহ করা স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলা ফার্মেসি মালিক সমিতির সিদ্ধান্তে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান।
জরিমানার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু, আলহামদুলিল্লাহ, লাইফ কেয়ার ও আরএস ফার্মেসির নাম জানা গেছে।
ফার্মেসি বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অসুস্থ রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা লাল ভানু, নিউমোনিয়া বাচ্চা ইনজেকশন নিবে মনজুরা বেগম, জরিনা বেগম নামের এক নারী রোগীর ইনজেকশনের প্রয়োজন হলেও আশপাশের ওষুধের দোকান বন্ধ থাকায় তিনি তা সংগ্রহ করতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এখন আমি কোথায় যাব, কোথায় গেলে ওষুধ পাব, কিছুই বুঝতে পারছি না। সব দোকানপাট বন্ধ।” তাঁর মতো আরও অনেক রোগী প্রয়োজনীয় ওষুধ না পেয়ে দুর্ভোগের কথা জানান।
দোকান বন্ধ রাখার বিষয়ে পুঠিয়া সদরের আল-আমিন ফার্মেসির স্বত্বাধিকারী রবিউল ইসলাম বলেন, “আমরা আর কত টাকা লাভ করি? দুদিন পরপর এসে আমাদের জরিমানা করা হয়। অনেক রোগী ওষুধ কিনতে আসছেন। তাঁদের ওষুধ দিতে না পেরে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু এখন সমিতির সিদ্ধান্ত, আমরা তো আর তা অমান্য করতে পারি না।”
পুঠিয়া ফার্মেসি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাজু বলেন, “আমি শুনেছি কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে। একটি দোকানদার সারাদিনে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারেন না, অথচ তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কারণে ব্যবসায়ীরা দোকান খুলবেন না এবং জরিমানাও দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই সব ফার্মেসি বন্ধ রয়েছে।”
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “বিষয়টি আমি শুনেছি। জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

