স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় উৎসবমুখর পরিবেশে সমবায় সমিতির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, পুঠিয়া উপজেলা কৃষক দলের সভাপতি রিপন রেজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুত্তালেম।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে পরিচালনা করতে হবে। সমবায়ের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে হবে। সদস্যদের স্বার্থ রক্ষা এবং প্রচলিত নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, সদস্যদের পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় বৃদ্ধি এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় সমিতির ভূমিকা তুলে ধরেন। সভা শেষে সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া এবং সমবায়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
