স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি এসব ইতিবাচক পরিবর্তনও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য রাখেন।
তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকরা স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশন করবেন, তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।
ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং তা সমুন্নত রাখার জন্য সরকার কাজ করছে। এক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সরকার গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যমের প্রতিনিধিদের কথা শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়াই সভার উদ্দেশ্য।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত ১২ মে ২০২৫ তারিখে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, প্রচার-প্রচারণা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখতে হবে।
অনলাইনে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতার বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় বিদেশের কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। ফলে পাঠক বিভ্রান্ত হন এবং বাংলাদেশে কোনো ঘটনা ঘটেছে বলে আতঙ্কিত হতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে শিরোনাম ও সংবাদ পরিবেশনে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি করেছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।
সাংবাদিকদের বাস্তবসম্মত লেখার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলোও তুলে ধরবেন।
অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন এবং তাদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ বিষয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বিষয়টি রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়। এক্ষেত্রে বাজেট ও জনস্বার্থের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।
সভায় অনলাইন এডিটরস ফোরামের সদস্যরা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এসময় একটি লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেন তারা।#

