স্টাফ রিপোর্টার : ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবের লক্ষ্য ও প্রেরণা বুকে ধারণ করে আমাদের এখন জাতীয় সংহতি প্রতিষ্ঠা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শনিবার (৭ নভেম্বর ) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যলয়ে (রামেবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক একথা বলেন।
সকালে অনুষ্ঠানের শুরুতে রামেবি প্রশাসন ভবনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক ও কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডা. মো. শাহ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) নাজিমউদ্দীন আহম্মদ , উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আব্দুল ওয়াদুদ, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সিরাজুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো. মনির-উল-ইসলাম এবং সহকারী পরিচালক অর্থ ও হিসাব (অ.দা.) খাইরুল আলমসহ রামেবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
পতাকা উত্তোলনের পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। অনুষ্ঠান শেষে জাতির ঐক্য-সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের কল্যাণ এবং বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৮ নভেম্বর) দ্বিতীয় দিন দুপুরে রামেবির পক্ষ থেকে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।
