স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় ঢুকে বিচারক আবদুর রহমানের ১৬ বছর বয়সী ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি লিমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর সেনাবাহিনীতে যোগ দেন। ২০১৮ সালে চাকরি ছেড়ে বাড়ি ফিরে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহারের সঙ্গে লিমনের আগে থেকেই পরিচয় ছিল। একই জেলার বাসিন্দা হওয়ায় তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। লিমন বিভিন্ন সময়ে তাসমিন নাহারের কাছ থেকে আর্থিক সহায়তা নিতেন। একপর্যায়ে সহায়তা বন্ধ হয়ে গেলে তিনি তাসমিন নাহার ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।
গত বছরের ৩ নভেম্বর সকালে তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন লিমন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় ছিলেন। এ ঘটনায় ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এর আগে ওই ঘটনায় লিমনকে সন্দেহভাজন হিসেবে আটক করে আদালতে পাঠানো হলেও পরে জামিনে মুক্ত হন।
এর সাত দিন পর ১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় যান লিমন। বিচারকের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করে সেখানে থাকা তাসমিন নাহার ও তাঁর ছেলে তাওসিফের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তিনি। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন মা ও ছেলে। একপর্যায়ে তাওসিফের রক্ত নিজের শরীরে মেখে আহত হওয়ার ভান করে পড়ে থাকেন লিমন।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তে অতিরিক্ত রক্তক্ষরণকে তাওসিফের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন চিকিৎসকরা।
ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে ৩২ জনকে সাক্ষী করা হয়। বিচার চলাকালে বিচারক আবদুর রহমান ও তাঁর স্ত্রী তাসমিন নাহারসহ ২৯ জন আদালতে সাক্ষ্য দেন। আসামির মানসিক সুস্থতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হলে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা যায়। গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, এ হত্যাকাণ্ডের মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ায় রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।
অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, তাঁরা এ রায়ে সন্তুষ্ট নন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। #

