স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে ১০ নভেম্বর হতে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে আজ বুধবার (১১ নভেম্বর) মহানগরীর ১৩,২০ ও ২২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালিত হবে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল, ঝোপঝাড়সহ মশার প্রজনন স্থানে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৩০টি ওয়ার্ডের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
নগরীর ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রশাসকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, প্রশাসকের এমন জনবান্ধন কাজগুলো নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকুক।
নগরীর ২২ নং ওয়ার্ডের আরেক বাসিন্দা শান্তু কুমার বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় রাসিক প্রশাসকের এমন উদ্যোগ নগরবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। নগরবাসীর কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।
এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্যারের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম গতকাল থেকে আবারো শুরু করা হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, মশক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

