স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর, কাটাখালী, মতিহার, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী ও ৪ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বেলপুকুর থানা পুলিশ উত্তর কাজিপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের মো: মোতালেব হোসেনের ছেলে বর্তমানে মহানগরীর বেলপুকুর থানার মাহেন্দ্রা গ্রামে বসবাসরত মো: নাজমুল (৩৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ১টি পেনাল কোড এবং চন্দ্রিমা থানায় ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
অপরদিকে, কাটাখালী থানা পুলিশ একই তারিখ আনুমানিক সকাল পৌনে ৭টার দিকে কাপাসিয়ার চৌমহনী চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চক কাপাশিয়া গ্রামের মো: কুদরত আলীর ছেলে মো: ছাদেক আলী (৪৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, মতিহার থানা পুলিশ গত ৯ নভেম্বর রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মোহাম্মদ এজাজুলের ছেলে আলী হাসান মো: মুজাহিদ (২০) এবং মৃত আজিজের ছেলে মোহাম্মদ এজাজুল (৪০)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গত ১০ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো: আরাফাত হোসেন (১৯)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এছাড়াও বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ বেলা আনুমানিক পৌনে ১০টার দিকে সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে সাগরপাড়া (বল্লভগঞ্জ) গ্রামের মো: জাহিদ হোসেনের ছেলে মো: জুবায়ের হোসেন ওহি (২১)-কে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

