নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ ১০:৩৮ 👁️ ৮ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে মো. মশিউর রহমান (৫০) নামের এক পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মশিউরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সাতটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর মশিউর রহমান গোদাগাড়ী পৌরসভার সীমান্তপুর এলাকার বাসিন্দা ও হাটপাড়ার মুদিদোকানি শহিদুল্লাহর বাড়িতে যান। সেখানে তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শহিদুল্লাহর খোঁজ করেন। এ সময় তার কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা দেখা দিলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে গোদাগাড়ী থানা-পুলিশ এলাকায় নজরদারি বাড়ায়। পরবর্তীতে রোববার সকালে গোদাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা ফকিরপাড়া গ্রামের মৃত খায়রুল বাশারের ছেলে।

পুলিশ জানিয়েছে, মশিউর দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডিবি ও থানা-পুলিশের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একই ধরনের প্রতারণার সাতটি মামলা চলমান রয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।