নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬ ৪:৩৯ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ এই গ্রেড পাওয়ার ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা।

আরও পড়ুনঃ  রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ, জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের চেয়ে ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী এই কৃতিত্ব অর্জন করেছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আক্তারুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ।

আরও পড়ুনঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরের বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন এবং ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ (গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ)। আর মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ সকল ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এ বছর ১১টি বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

ফল প্রকাশের পর থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারছেন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।