অনলাইন ডেস্ক : একজন হলিউডের সুপারস্টার, অন্যজন সংগীত দুনিয়ার মহাতারকা; টম ক্রুজ ও টেইলর সুইফট একত্র হলে দর্শক-শ্রোতার ঘুম উড়বে, এটাই স্বাভাবিক। এমনটাই ঘটল দিন কয়েক আগে। যুক্তরাষ্ট্রের একটি স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের খেলা দেখতে গিয়েছিলেন তারা। গ্যালারিতে বসে ছিলেন পাশাপাশি আসনে।
সেদিন ছিল টেলিভিশন জগতের সবচেয়ে বড় পুরস্কার এমির আয়োজন। সেই আসরে না গিয়ে সুইফট ছিলেন খেলার মাঠে। কারণ কানসাস সিটি চিফসে খেলেন তার জীবনসঙ্গী ট্রাভিস কেলসি।
তবে সেদিনের ম্যাচের চেয়েও আলোচনার কেন্দ্রে চলে আসে টম ও টেইলরের একত্র উপস্থিতি। পাশাপাশি বসে তারা কী কথা বলেছিলেন? সেটা এবার সামনে এলো। টম ক্রুজ নিজেই তা জানালেন এক সাক্ষাৎকারে।
টম বলেন, ‘ও (টেইলর) আসলে আমাকে ফুটবল বোঝাচ্ছিল। ও ফুটবল দারুণ বোঝে।’ টম জানান, মহামারি করোনার পর এই প্রথম তিনি ফুটবল দেখতে গিয়েছেন। এই প্রত্যাবর্তনে টেইলর সুইফটের মতো শিল্পী পাশে ছিলেন, তাই তিনিও আনন্দিত।
কেবল ফুটবলেই আটকে ছিল না টম-টেইলরের আলাপ। গান এবং সিনেমা নিয়েও আলোচনা হয়েছে তাদের। টেইলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা। পপ সেনসেশনকে অভিহিত করেছেন ‘জিনিয়াস’ হিসেবে। টমের মতে, টেইলর শুধু অসাধারণ গায়িকাই নন, একজন দক্ষ লেখক এবং সঙ্গীতশিল্পীও বটে। পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেছেন অভিনেতা।
উল্লেখ্য, গানের মানুষ হলেও ফুটবল গ্যালারিতে টেইলর পরিচিত মুখ। স্বামী ট্রাভিসের সঙ্গে প্রেমের সময় থেকেই তিনি নিয়মিত দর্শক। এখনো সেই ধারা অব্যাহত রেখেছেন ‘ক্রুয়েল সামার’ গায়িকা।

