নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

এপ্রিল ১৫, ২০২৬ ১০:৫৯ 👁️ ৭২ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা ও মহানন্দা নদীতে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার জ্বালানি তেল (ডিজেল) তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে চলা এই সংকটে স্থবির হয়ে পড়েছে চরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। তেলের অভাবে অধিকাংশ নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই জেলার ৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষ।

আরও পড়ুনঃ  দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী, দেবীনগর, ইসলামপুর ও শাহজাহানপুর ইউনিয়ন। প্রতিদিন এসব এলাকার মানুষ শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য রেলবাজার, হাটপাড়া, সুলতানগঞ্জ ও ফুলতলা ঘাট ব্যবহার করে যাতায়াত করেন। বর্তমানে এই রুটগুলোতে নৌযান চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় তেলের সরবরাহে কড়াকড়ি বা রেশনিংয়ের কারণে মাঝিরা প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে পারছেন না। স্বাভাবিক সময়ে এসব ঘাটে প্রতিদিন কয়েকশ নৌকা চলাচল করলেও এখন হাতেগোনা কয়েকটি নৌকা চলছে। একবার যাতায়াতে ৩ থেকে ৪ লিটার ডিজেলের প্রয়োজন হলেও তা জোগাড় করতে মাঝিদের হিমশিম খেতে হচ্ছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

চর আষাড়িয়াদহ ইউনিয়নের কলেজছাত্রী সুমাইয়া আক্তার আক্ষেপ করে বলেন, “নৌকা না চলায় সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না। যে দু-একটি নৌকা চলছে, তাতে তিল ধারণের জায়গা নেই। এতে আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।”

একই চিত্র দেখা গেছে চর আলাতুলী ঘাটে। অসুস্থ স্বজনকে নিয়ে শহরে যাওয়ার জন্য ভোরে ঘাটে এসেও চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আম্বিয়া নামের এক নারীকে। তিনি বলেন, “চরের মানুষের জীবন নদীর ওপর নির্ভরশীল। তেলের অভাবে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা এখন অসহায়।”

রেলবাজার খেয়া ঘাটের নৌকার মাঝি আবু তালেব বলেন, “তেল নাই, তাই নৌকা নামাতে পারছি না। লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। পরিবার নিয়ে এখন আমাদের না খেয়ে থাকার উপক্রম হয়েছে।” হাটপাড়া ঘাটের মাঝি মোমিন জানান, যাত্রী থাকলেও তেল না থাকায় তারা নৌকা ছাড়তে পারছেন না, ফলে তাদের আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

নৌকা সংকটের কারণে সাধারণ যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী, দেবীনগর, ইসলামপুর ও শাহজাহানপুর ইউনিয়নের মানুষ জরুরি প্রয়োজনে অনেককেই দীর্ঘ পথ ঘুরে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। চরাঞ্চলের এই জনপদকে সচল রাখতে দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন বলেন, “বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন সচেষ্ট আছে। নৌকার জ্বালানি(ডিজেল) সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কোথাও কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।